কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শনিবার কেশপুরে জনসভায় ভাষণ দেওয়ার সময় বিজেপিকে নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক। এই প্রসঙ্গে, দিলীপ ঘোষ রবিবার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে, আগে নিজের এবং নিজের দলের চিন্তা করা উচিত।
নিত্যদিনের মতো রবিবার প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। পৌঁছন সুভাষ সরোবর। সেখান থেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মন্তব্য করেন।
শনিবার কেশপুরের সভা থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যাপাধ্যায় জানান, তিনি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন করাবেন। এমনকী অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও দিয়ে যান তিনি। এই প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি ‘সবটাই ডায়ালগ’। কাজের কাজ কিছুই হবে না।
তিনি আরও বলেন, “এই রকম বড় বড় ডায়ালগ আগেও শুনেছি আমরা। আগে নিজে সামলান, নিজেদের কর্মীদের সামলান। আর এখন ওনাকে কেন মাঠে নামতে হচ্ছে? কেন কোনও বুথে গিয়ে বসতে হচ্ছে। কেন জবাব দিতে হচ্ছে? আসনে ওরা যা লুট করেছে মানুষকে এখন তার জবাব দিতে পারছেন না। তাই ওনাকে বুথে গিয়ে বসতে হচ্ছে, প্রতিশ্রুতি দিতে হচ্ছে”

