আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য রাজ্য সরকার রেল মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে। তবে দক্ষিণ ত্রিপুরার যাত্রীদের দুর্ভোগ কমাতে হামসফর, ত্রিপুরাসুন্দরী ও গরীব রথ এক্সপ্রেসকে সাব্রুম থেকে চালানো, আগরতলা-উদয়পুর-বিলোনিয়া এবং আগরতলা-কৈলাশহর রুটে মেট্রো পরিষেবা চালু কিংবা সাধারণ মানুষ ও রোগীদের উন্নত চিকিৎসার সুবিধার্থে সাব্রুম থেকে শিলচর পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে এখনও কোনো প্রস্তাব বা সুপারিশ পাঠানো হয়নি। আজ বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়, দীপঙ্কর সেন ও মাইলাফ্রু মগের প্রশ্নের উত্তরে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
জানানো হয়েছে, আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর বিষয়ে পরিবহন দপ্তরের পরিবহন সচিব গত ২৩ জুলাই ২০২৬ মালিগাঁওয়ে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের (ওপেন লাইন) কাছে প্রস্তাব পাঠিয়েছেন। পাশাপাশি, পরিবহনমন্ত্রী গত ৩ আগস্ট ২০২৬ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছেও একই বিষয়ে প্রস্তাব পাঠিয়েছেন।
উত্তরে আরও বলা হয়েছে, সাব্রুম থেকে হামসফর, ত্রিপুরাসুন্দরী ও গরীব রথ এক্সপ্রেস চালানো, আগরতলা-উদয়পুর-বিলোনিয়া এবং আগরতলা-কৈলাশহর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা এবং সাব্রুম থেকে শিলচর পর্যন্ত ট্রেন চালানোর বিষয়ে রেল মন্ত্রকের কাছে কোনো প্রস্তাব পাঠানো হয়নি।
তবে রাজ্যের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি উত্থাপিত হলে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে পরিবহন দপ্তরের উত্তরে জানানো হয়েছে।























