আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানের মাধ্যমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, সম্প্রতি এক পরিবারে নতুন এক গৃহপরিচারিকাকে কাজে রাখা হয়। অভিযোগকারীর দাবি, বাড়িতে কাজ করার সময় তিন বছরের শিশুর হাতে থাকা একটি স্বর্ণের চেইন ওই গৃহপরিচারিকা নিয়ে রাখেন। পরে রাতে চেইনটি খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরিবারের অন্য এক গৃহকর্মীর কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর সন্দেহ আরও ঘনীভূত হয়। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, ওই গৃহপরিচারিকা শিশুটির হাতে থাকা চেইনটি দেখে সেটি কার তা জানতে চেয়েছিলেন। এরপর শিশুটিকে খাওয়ানোর জন্য নিচে নিয়ে যাওয়ার পর থেকেই চেইনটির আর সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দীর্ঘ সময় অপেক্ষা করে চেইনটি ফেরত দেওয়ার সুযোগও দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চেইন ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ। থানার আধিকারিকদের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। পাশাপাশি দুটি চুরি যাওয়া বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগকারীর দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির বাজারমূল্য প্রায় ৫.৫ লক্ষ টাকা। পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত করে চেইন উদ্ধার করায় পূর্ব আগরতলা থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। চুরি সংক্রান্ত ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানা গেছে।























