আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন ধরে সমস্যাগুলি থাকলেও এখনও সেগুলির স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।
জানা গেছে, মোহনপুর মহকুমার ইন্সপেক্টর অফ স্কুল, লেফুঙ্গার অধীনস্থ এই বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। ফলে শিক্ষক স্বল্পতার কারণে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। এর ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার মান।
শুধু শিক্ষক স্বল্পতাই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও। বিশেষ করে ছাত্রীদের প্রাকৃতিক কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি বিদ্যালয় চত্বরে নেই কোনও বাউন্ডারি ওয়াল। ফলে অবাধে গরু-ছাগল বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়ছে। এমনকি শ্রেণিকক্ষের সামনেও গবাদি পশুর বিচরণ করায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।
বিদ্যালয়ের একাধিক সমস্যার বিষয়টি তুলে ধরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান শিক্ষক জয়ন্ত দেববর্মা। তিনি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক স্বল্পতা দূর করার পাশাপাশি শৌচাগার নির্মাণ এবং বিদ্যালয় চত্বরে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।



















