ডালখোলা, ২ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের ডালখোলা রেক পয়েন্টের পাশে বিহার বাংলা সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সীমান্ত এলাকায় একটি নম্বর বিহীন বাইকে তল্লাশি চালায় পুলিশ।একটি ব্যাগের ভেতরে কাপড়ে মুড়িয়ে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্রটি রাখা ছিল। তারপরই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার জানান, ধৃতরা হল বিহারের কাটিহার জেলার বইদল এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিম(২৫) ও মারফু আলম(১৯)। তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ধৃতদের কাছ থেকে বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা কোনও অপরাধ করার উদ্দেশ্যেই ডালখোলায় এসেছিল বলে পুলিশের ধারণা। তবে সঠিক কি কারণে ওই দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ডালখোলায় এসেছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



















