আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে শ্রীনগর থানার অন্তর্গত যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এক মহিলার গলা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হয়ে যাওয়া সোনার চেন উদ্ধারে তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ।
জানা গেছে, যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার স্ত্রী সুভদ্রা দেববর্মা বৃহস্পতিবার সকালে বাড়ির সংলগ্ন পাকা রাস্তা দিয়ে রেগার কাজে যাচ্ছিলেন। গ্রাম পঞ্চায়েত এলাকা পেরিয়ে কিছুটা সামনে যেতেই পেছন দিক থেকে একটি বাইকে করে দুই ব্যক্তি এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। বাইকে থাকা দুই ছিনতাইকারীর মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল বলে জানা গেছে।
ঘটনার আকস্মিকতায় সুভদ্রা দেববর্মা কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের বাড়িঘর থেকে স্থানীয়রা বেরিয়ে এসে ছিনতাইকারীদের গতিরোধের চেষ্টা করলেও তাদের আটকানো সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীদের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে শুক্রবার দুপুরে সুভদ্রা দেববর্মা ও তাঁর স্বামী সুব্রত দেববর্মা শ্রীনগর থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করেন। দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হয়ে যাওয়া সোনার চেন উদ্ধারের জন্য তাঁরা পুলিশের কাছে আবেদন জানান।
সংবাদমাধ্যমের সামনে সুভদ্রা দেববর্মা জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। অত্যন্ত পরিশ্রম করে উপার্জন করা অর্থ দিয়ে তিনি সোনার চেইন তৈরি করেছিলেন। তাঁদের এলাকায় এর আগে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
ঘটনায় উদ্বিগ্ন সুভদ্রা দেববর্মার দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার করুক এবং তাঁর সোনার চেইন উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করুক।



















