ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। ফাইনালে মোহনপুর মহকুমার বিরুদ্ধে খেলবে সাব্রুম মহকুমা। ৪ ফেব্রুয়ারি হবে রাজ্য সেরা হওয়ার ম্যাচ। পাশাপাশি কোন্ মহকুমা আগামীবছর এলিট আসরে খেলার যোগ্যতা অর্জন করবে তা নির্ণায়ক ম্যাচও ওই দিন। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের। বৃহস্পতিবার বাইখোরা স্কুল মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে দাপট দেখায় স্পিনাররা। মতি ত্রিপুরাকে ছাপিয়ে গেলেও স্বরব সাহানি জয় এনে দিতে পারেনি ধর্মনগর মহকুমাকে। মতির দখলে ৫ উইকেট এবং স্বরবের দখলে ৬ উইকেট। ম্যাচে সাব্রুম মহকুমা ২ উইকেটে পরাজিত করে ধর্মনগর মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে সাব্রুমের অধিনায়ক প্রথম ধর্মনগর মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রাক্তন রাজ্য দলের তারকা বাহাতি স্পিনার মতি ত্রিপুরার (৫/২৮) ভেলকিতে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় ধর্মনগর মহকুমা।দলের দুই ওপেনার ছাড়া কোনও ব্যাটসম্যানই মতি-র ভেলকির সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। ওপেনিং জুটিতে অভিষেক মালাকার এবং আবু হাসান ১১৪ বল খেলে ৭৫ রান যোগ করেছিলেন। অভিষেক ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং আবু ৭৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। এছাড়া চিরঞ্জীৎ সিনহা ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। সাব্রুমের পক্ষে মতি ছাড়া সৌরভ চক্রবর্তী (২/১৬) এবং সুমিত ত্রিপুরা (২/২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ২৫.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৩১ রান পায় অতিরিক্ত খাতে। এখানেই পিছিয়ে পড়ে উত্তর জেলার ধর্মনগর মহকুমা। এছাড়া সাব্রুমের পক্ষে গোবিন্দ দেবনাথ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, রাজেশ সরকার ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫, সুপ্রকাশ গোস্বামী ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং সুমিত ত্রিপুরা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (অপ:) রান করেন। ধর্মনগরের পক্ষে স্বরব সাহানি (৬/১৪) সফল বোলার।

প্লেট থেকে এলিট গ্রুপে উন্নীত হওয়ার লক্ষ্যে সাব্রুম-মোহনপুরের লড়াই কাল
Tags:

















