Posts of - December 5, 2021
Rahul Gandhi : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! নাগাল্যান্ডের ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.):”ভুলবশত’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে ১২ জন গ্রামবাসী। নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তুলে রাহুল রবিবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! সরকারের কাছ থেকে সত্যিকারের জবাব চেয়েছেন রাহুল। তিনি টুইট করে লিখেছেন, “আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।” সূত্রের খবর, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার তাদের খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলি উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সত্যিকারের জবাব চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “এটা হৃদয় বিদারক।প্রকৃত জবাব দিতে হবে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।”
Big lead : বড় লিডের পথে ভারত কোহলিরা, লাঞ্চের পর ৫০১ রানের লিড
মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দারুণ জমিতে ভারতীয় দল। এখন দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৫০১ রানে। এই ইনিংসে এখনও পর্যন্ত ৭ উইকেটে ২৭৬ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। ৪৭ রান করেন অপর ওপেনার চেতেশ্বর পূজারা। আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম ইনিংসে তিনি একাই ভারতের ১০টি উইকেট নেন। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়েছিল। আজ সকালে প্রথমে আউট হন ময়ঙ্ক। তিনি ১০৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। পূজারার ৯৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা।
Indonesia : ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত্যু বেড়ে ১৩, গৃহহীন শতাধিক পরিবার
জাকার্তা, ৫ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যখন হয়েছেন কমপক্ষে ৫৭ জন। গৃহহীন শতাধিক পরিবার, প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে ভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। শুরু হয় আতঙ্কের প্রহর। কয়েক হাজার মানুষজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ”এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আরও অনেক মরদেহ দেখেছেন।”” অগ্ন্যুৎপাতের ছাইয়ে পূর্ব জাভা প্রদেশের লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম ঢাকা পড়েছে। গতরাতে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
Mountains : সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, কাশ্মীর ও লাদাখ কাঁপছে ঠাণ্ডায়
শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো রবিবার জম্মু ও কাশ্মীরের সমতল ভিজল বৃষ্টিতে। তুষারপাত হল কাশ্মীরের পাহাড়। শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। রবিবার তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে পহেলগাম-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রাস-কার্গিলে রবিবার হালকা তুষারপাত হয়েছে, তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়েও। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.৪ ডিগ্রি, লাদাখের দ্রাস শহরে মাইনাস ৫.১ ডিগ্রি, লেহ-তেমাইনাস ৩.৬ ডিগ্রি।

Mayank : ওয়াংখেড়েতে সুনীল গাওস্করের রেকর্ড স্পর্শ করলেন ময়াঙ্ক
মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাওস্করের রেকর্ড ছুঁলেন ময়াঙ্ক আগরওয়াল। গড়লেন এক বিরল রেকর্ড। ওয়াংখেড়েতে তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে পরপর দু ইনিংসে অর্ধশতানের বেশি স্কোর করলেন ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করলেন ময়াঙ্ক। প্রথম ইনিংসে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর হাত ধরেই ভারত টপকেছিল ৩০০ রানের গন্ডি। দ্বিতীয় ইনিংসে ময়াঙ্কের চোখ ছিল ফের একটা শতরানের। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার নজির গড়ার লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ৬২ রানেই থামতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার রেকর্ড গড়তে পারেননি ঠিকই। কিন্তু সুনীল গাওস্করের তালিকায় নিজের নাম তুলে ফেললেন ঠিকই। ১৯৭৮ সালে ওয়াংখেড়েতেই সুনীল গাওস্কর করেছিলেন ২০৫ ও ৭৩ রান। তাদের এলিট তালিকায় নতুন নাম এখন ময়াঙ্ক আগরওয়াল।
Campaign : প্রচারে সিপিএম প্রার্থী নন্দিতা রায়
কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : রাজনৈতিক দল গুলো বর্তমানে ব্যস্ত পুরসভার ভোট নিয়ে । হাতে আর অল্প সময় । কারণ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে পুরভোট । প্রতিদিনই প্রচার সারছে রাজনৈতিক দলগুলো । সেই তালিকা থেকে বাদ নেই সিপিএম প্রার্থী নন্দিতা রায়ও । রবিবার বৃষ্টি উপেক্ষা করেই প্রচারে নন্দিতা রায় । বিধানসভা ভোট শেষ হতেই রাজনৈতিক দলগুলোর নজর পুরভোটে । ১৯ ডিসেম্বর পুরভোটের আগে জোর কদমে প্রার্থীরা চালাচ্ছে প্রচার । এরই মাঝে রবিবার ছুটির দিন বৃষ্টিকে তুরি মেরে উড়িয়ে প্রচারে সিপিএম প্রার্থী নন্দিতা রায় । ১০৩ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি । এদিন প্রচারে নন্দিতা রায় বলেন, ”ভোটভিক্ষা নয় কুশল বিনিময় । আগামীতে ভাল থাকার শুভেচ্ছা । সহ-নাগরিকদের কাউন্সিলর নয় কাছের মানুষ ” ।

































