আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। ছাত্রছাত্রীদের মধ্যে সমাজসেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ রায়, ডুকলি আরডি ব্লকের বিডিও মানিক দেববর্মা, ডুকলি বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস, সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল লস্কর, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জোনাল অফিসের ওএসডি সুদীপ সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সাত দিনব্যাপী এই এনএসএস শিবিরের অঙ্গ হিসেবে এদিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সেখানে প্রায় ২৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই শিবিরে উপস্থিত কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান।
অনুষ্ঠানে ভারতীয় বীর বিমানচালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সাহসিকতার প্রতিও শ্রদ্ধা জানানো হয়। সম্ভাব্য বিমান ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গিয়ে নিজে ছুরিকাঘাতে আহত হয়েও যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অন্তরা সরকার দেব এবং মহকুমা প্রশাসনের আধিকারিক দীপরাজ রায় ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজসেবার কাজে নিজেদের যুক্ত করার আহ্বান জানান। তাঁরা বলেন, জীবনের প্রতিটি কাজকে শুধুমাত্র দায়িত্ব হিসেবে না দেখে মানবসেবার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রকৃত মানবিকতার বিকাশ ঘটে।
এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়েও আলোচনা করেন উপস্থিত অতিথিরা। সাত দিনব্যাপী এই বিশেষ এনএসএস শিবিরে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
























