আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই জয়কে গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, বার কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেই জায়গায় বিজেপির প্যানেলের জয় নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ধরে বলা হচ্ছিল যে কোর্ট চত্বরে বিজেপির প্যানেল সবসময় পরাজিত হয়। সেই পরিস্থিতিতে এবারের নির্বাচন ছিল দলের কাছে একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনে উভয় পক্ষের সাতজন করে প্রার্থী ছিল। পাশাপাশি ১৪ জনের মধ্যে আরও একজন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি অপর পক্ষের সঙ্গে যুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, শেষ পর্যন্ত ভোটাররা বিষয়টি বুঝতে পেরেছেন এবং বিজেপির প্রার্থীদের প্রতি আস্থা রেখেছেন। এর ফলেই দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এই জয়ের জন্য তিনি নির্বাচিত প্রার্থী এবং তাঁদের সমর্থনকারী সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই জয়ের মধ্য দিয়েই আগামী দিনের জন্য একটি ‘কিকস্টার্ট’ হল। আগামী দিনেও বিভিন্ন ক্ষেত্রে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০২৮ সালকে সামনে রেখে সর্বস্তরে এই জয়ের ধারা বজায় রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী।



















