নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): দেশের যুবসমাজ ও প্রযুক্তিগত অগ্রগতিকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ১৯তম রোজগার মেলায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বহু দেশ ভারতের ‘বিকাশ যাত্রা’-র অংশ হতে চাইছে।
এদিন দেশজুড়ে ৪৭টি কেন্দ্রে আয়োজিত রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নিযুক্ত ৫১ হাজারেরও বেশি যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নবনিযুক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আজ আপনারা দেশের বিকাশ যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠলেন। আগামী দিনে বিকশিত ভারত গড়ার সংকল্প পূরণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
তিনি আরও বলেন, এই সাফল্যের পিছনে শুধু পরিবারের নয়, দেশের ১৪০ কোটি মানুষের অবদানও রয়েছে। কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির মাধ্যমেই এই জায়গায় পৌঁছনো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন বড় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আমি উপলব্ধি করেছি যে ভারতের যুবশক্তি ও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে বিশ্ব অত্যন্ত উৎসাহী। ভারত যাতে আরও কর্মসংস্থান, সুযোগ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা পায়, সেই লক্ষ্যেই বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে।”
তিনি জানান, সফরকালে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি দেশের যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে নেদারল্যান্ডসে ভারতের প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের জন্য এএসএমএল এবং টাট ইলেকট্রনিকস-এর মধ্যে উন্নত লিথোগ্রাফি প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত চুক্তির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গুজরাটের ধোলেরায় এই প্রকল্প গড়ে তোলা হবে।
রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা দফতর এবং উচ্চশিক্ষা দফতর-সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগে নবনিযুক্ত কর্মীরা যোগ দেবেন বলে জানানো হয়েছে।



















