আগরতলা, ২৩ মে: উত্তর ত্রিপুরার পেঁচারথল নবীনছড়া এলাকায় শনিবার বিকেলে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। মৃতরা হলেন সুমন্ত চাকমা (৩০) ও মিনা চাকমা (২৭)। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তারা নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত আঘাত হানে বাড়ির ইলেকট্রিক বোর্ডে। এতে কোনোভাবে গুরুতর আহত হন ভাই-বোন দুজন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলেও জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



















