বিলোনিয়া, ২৩ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা। কেন্দ্রটির মেরামতের কাজ শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় সিলিং ভেঙে পড়ে যায় মেঝেতে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় কচিকাঁচা পড়ুয়া শিশুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গড়িয়া পূজার ছুটির কারণে কেন্দ্রটি বন্ধ ছিল। সেই সময়ই হঠাৎ করে সিলিং ভেঙে পড়ে। ঘটনাচক্রে ওই দিন কেন্দ্রে কোনও শিশু বা কর্মী উপস্থিত না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্রটি খোলা থাকলে এতগুলো ছোট ছোট শিশুর প্রাণের দায় কে নিত?
অভিযোগ, মাত্র এক মাস আগে গ্রাম উন্নয়ন প্রকল্পের অধীনে কেন্দ্রটির মেরামতের কাজ শুরু হয় এবং সম্প্রতি তা সম্পন্ন হয়। কাজের দায়িত্বে ছিলেন ভারতচন্দ্রনগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনয় বনিক। এলাকাবাসীর একাংশের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য শ্রীকান্ত সেন ও আশিষ পাঠারি সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ঘটনাটি আড়াল করার চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এর আগেও একই এলাকায় বিভিন্ন নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। তবুও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি উঠেছে।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হতে পারে বলে সূত্রের খবর।


















