সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রসেনজিত চক্রবর্তী (২৮)।
জানা যায়, গতকাল শ্রীনগর বাজার থেকে বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা ১২ মিনিট নাগাদ বাড়ির ভিতরে প্রসেনজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তাঁকে শ্রীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে শ্রীনগর আউটপোস্ট থানার সেকেন্ড অফিসার স্বপন মল্ল ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের বড় ভাই অভিজিৎ চক্রবর্তী জানান, পরিবারের সঙ্গে প্রসেনজিতের কোনও পারিবারিক অশান্তি বা ঝামেলা ছিল না। ফলে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসেনজিতের মৃত্যুর প্রকৃত কারণ কী, এর নেপথ্যে অন্য কোনও কারণ বা কারও ভূমিকা রয়েছে কি না—তা খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।


















