আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি থেকেই বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নির্দেশিকা মেনেই সংশ্লিষ্ট ভিলেজ কমিটিগুলিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের বক্তব্য, সমাজকে আরও শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মান্দাই মণ্ডল নেতৃত্ব জানান, ভিসি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার পাশাপাশি মানুষের স্বার্থে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। তাঁদের মতে, একটি শক্তিশালী ও উন্নত সমাজ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এদিন ভিলেজ কমিটি নির্বাচন এবং মনোনয়নপত্র দাখিলের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন মান্দাই মণ্ডলের নেতৃত্ব। আগামী দিনে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।



















