নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ সাতসকালে খোদ থানার দেড়শো মিটারের মধ্যে অপরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনা কৈলাসহরের থানার পাশে আর.কে.আই সুকলের মাঠে৷ সোমবার সকালে প্রাতভ্রমণকারীদের নজরে আসে এই মৃতদেহ৷ খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, ঊনকোটি জেলার ডি.এস.পি বীমা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনা স্থলে আসে৷ ফরেনসিক আধিকারিকও আসে ঘটনা স্থলে৷ কৈলাসহর থানার দেড়শো মিটারের মধ্যে অবস্থিত আর.কে.আই সুকলের মাঠের পাশে কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট এসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশে এই মৃতদেহটি ছিলো৷ মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর চাউর হতেই গোটা শহরের বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহটি দেখতে ভিড় জমান৷ তবে আর.কে.আই সুকলের মাঠের এক প্রান্তে ক্রিকেট এসোসিয়েশনের অস্থায়ী বিল্ডিং এবং মাঠের অপর প্রান্তে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার রয়েছে৷ সেই আন্তর্জাতিক সীমান্তে চবিবশ ঘণ্টা বি.এস.এফের ডিউটি থাকা স্বত্বেও এবং কৈলাসহর থানার পুলিশের নাকের ডগায় এভাবে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা কৈলাসহর শহরে তীব্র আতংক বিরাজ করছে৷ তবে, ডি.এস.পি বীমা সিনহা জানান যে, মৃত মহিলার কোনো পরিচয় জানা যায়নি এবং কৈলাসহর থানায় কোনো মহিলার নিখোঁজ ডায়েরি নেই৷ মৃত মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ণ নেই৷ প্রথমিক ভাবে আত্মহত্যা নাকি মার্ডার কোনোটাই বলছে না পুলিশ৷ তবে, মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু কাগজ পত্র এবং দুইটি ব্যাংকের পাসবুক পাওয়া গেছে৷ এগুলো তদন্ত করা হচ্ছে বলে ডি.এস.পি বীমা সিনহা জানান৷ মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে মৃতদেহ নেওয়া হয়েছে৷

কৈলাসহর থানার নাকের ডগায় অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Tags:


















