কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা আনোয়ার আলীর দাবি, প্রায় এক মাস আগে একই বিরোধকে কেন্দ্র করে একদল দুষ্কৃতী তাঁর বাবা-মা-সহ পরিবারের সদস্যদের মারধর করে। ওই ঘটনায় মালিক মিঞা ও জসিম আলী-সহ প্রায় ৮ থেকে ১০ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি আনোয়ারের।
তাঁর আরও অভিযোগ, প্রথম ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় ঘোরাফেরা করছিলেন। এমনকি রাস্তা আটকে রাখার কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে যাতায়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছিল।
এরই মধ্যে মঙ্গলবার ফের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আনোয়ার আলীর অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর মা একা থাকা অবস্থায় কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। হামলায় বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে।
ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ার আলী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















