News Flash

  • Home
  • Uncategorized
  • Work within the time frame : লক্ষ্যমাত্রা স্থির করে সময়ের মধ্যে কাজ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

Work within the time frame : লক্ষ্যমাত্রা স্থির করে সময়ের মধ্যে কাজ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলির সাথে সমন্বয় রেখে ব্যাঙ্কগুলিকেও প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে লক্ষ্যমাত্রা স্থির করে সময়ের মধ্যে কাজ করার পরামর্শ দেন তিনি৷ আজ বুধবার সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে ১৩৬-তম স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্যাঙ্কগুলির উদ্দেশ্যে বলেছেন৷


মুখ্যমন্ত্রীর কথায়, ত্রিপুরার অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করতে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলিতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ এই লক্ষ্যে রবার, চা, মৎস্যচাষ, পশুপালন ও কৃষির মতো প্রাথমিক ক্ষেত্রগুলির বিকাশে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷ এই ক্ষেত্রগুলি ত্রিপুরার উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে৷ এ সমস্ত প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্যের ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে, আগ্রহ প্রকাশ করেন তিনি৷


এদিনের সভায় সর্বশেষ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কতটুকু অগ্রসর হয়েছে তার পর্যালোচনা করা হয়েছে৷ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যে সমস্ত ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সে সম্পর্কে ব্যাঙ্কগুলিকে অবহিত হতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে এনপিএ কমানোর পাশাপাশি ব্যাঙ্কগুলির সিডি রেশিও বাড়ানো৷ যে সমস্ত ক্ষেত্রগুলিতে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে সেগুলির জন্য ঋণ প্রদানের কর্মসূচি নিতে হবে ব্যাঙ্কগুলিকে৷ ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে কাউকে যেন হয়রানি না হতে হয় সেজন্য ঋণ প্রদানের পদ্ধতিকে সরলীকরণের উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ তিনি আরও বলেন, ব্যাঙ্কগুলিকে কোন কোন ক্ষেত্রে কী পরিমাণ ঋণ প্রদান করবে তার জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতে হবে৷ পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা তার তদারকিও করতে হবে৷


তাঁর মতে, লক্ষ্যমাত্রা স্থির করে কোনও কাজ করলে সফলতা নিশ্চয়ই পাওয়া যেতে পারে৷ এ প্রসঙ্গে তিনি স্বাস্থ্য দফতরের সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সাফল্য সভায় তুলে ধরেন৷ তিনি বলেন, এই অভিযানে রাজ্যের ১৩ লক্ষ শিশু ও কিশোর কিশোরীকে ১৫ দিনব্যাপী কৃমিনাশক কর্মসূচি, ভিটামিন-এ পরিপূরক কর্মসূচি, আয়রন ফলিক অ্যাসিড পরিপূরক কর্মসূচি রূপায়ণের লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য দফতর কাজ শুরু করেছিল৷ দেখা গেছে এই অভিযানে ৯৯ শতাংশ সফলতা এসেছে৷ ব্যাঙ্কগুলিকেও লক্ষ্যমাত্রা স্থির করে কর্মসূচি গ্রহণ করতে হবে৷ পাশাপাশি লক্ষ্যমাত্রা পূরণে ব্যাঙ্কগুলিকে মিশন মুডে কাজ করতে হবে৷ তবেই সফলতা আসবে বলে মুখ্যমন্ত্রী সভায় অভিমত ব্যক্ত করেন৷

বিপ্লব দেবের দাবি, ত্রিপুরার অর্থনৈতিক দিক দিয়ে রবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র৷ রবার সেক্টর থেকেই রাজ্যে অধিক অর্থ আসে৷ তাই রাজ্যে রবার সেক্টরে উন্নয়নে ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, রাজ্যে অনেকগুলি বড় চা বাগান রয়েছে৷ সেই সব চা বাগানগুলিকে কীভাবে সমৃদ্ধ করা যেতে পারে সেজন্য ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে৷ প্রয়োজনে চা বাগানগুলির মালিকদের সাথে ব্যাঙ্কগুলিকে সভা করার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


এদিন তিনি বলেন, রবার, চা, আগর ইত্যাদি লাভদায়ক ক্ষেত্রগুলির পাশাপাশি রাজ্যের জৈবচাষে যুক্ত চাষি এবং বায়োফ্লক মৎস্যচাষে যুক্ত মৎস্যচাষিদের পাশেও ব্যাঙ্কগুলিকে দাঁড়াতে হবে৷ কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ প্রদানের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে৷ পাশাপাশি বর্গাদার কৃষকরা যাতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেতে পারেন তার জন্য একটি প্রকল্প তৈরি করার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷


আজকের সভায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিএম আনন্দ কুমার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ২০২১-২২ অর্থবর্ষের অ্যানুয়েল ক্রেডিট প্ল্যানে ব্যাঙ্কগুলি প্রাইমারি ক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রে ১০০ শতাংশ ডিসবার্সমেন্টের লক্ষ্যমাত্রা নিয়েছে৷ চলতি অর্থবছরের জুন মাস পর্যন্ত কৃষি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহ অন্যান্য প্রাইমারি সেক্টরগুলির জন্য ১৫১৮.২৪ কোটি টাকা ব্যাঙ্কগুলি ডিসবার্স করেছে৷ চলতি অর্থবর্ষের খারিফ মরশুমে ১৫ হাজার ৮০৫ জন কেসিসি কার্ডপ্রাপ্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনার আওতায় আনা হয়েছে৷
সাথে তিনি যোগ করেন, ২০২১-২২ অর্থবর্ষের জুন মাস পর্যন্ত ৯৯৮টি স্বসহায়ক দলের ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে৷ স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষের জুন মাস পর্যন্ত ৭৯ জন এসসি / এসটি মহিলা সুবিধাভোগীকে ঋণ প্রদান করা হয়েছে৷ তিনি আরও জানান, চলতি অর্থবর্ষের জুন মাস পর্যন্ত ডেয়ারি উন্নয়ন প্রকল্পে ৭০টি ঋণের প্রস্তাব মঞ্জুর করা হয়েছে৷ এছাড়াও প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি প্রকল্পে এখন পর্যন্ত ২,৬২৮টি ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে৷ সভায় এছাড়াও ব্যাঙ্কের নতুন শাখা খোলা, পর্যটন বিকাশে সহায়তা করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঋণ প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top