News Flash

  • Home
  • Uncategorized
  • ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ
Image

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফেডারেশন (টিআইএসএফ) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর সদস্যদের পাল্টাপাল্টি বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

জানা গেছে, পূর্বনির্ধারিত অনুমতি নিয়ে বুধবার দুপুর ১২টা নাগাদ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ডেপুটেশন দিতে কলেজ প্রাঙ্গণে আসে ত্রিপ্রা মথা সমর্থিত টিআইএসএফ-এর একটি প্রতিনিধি দল। সংগঠনের জেলা সভাপতি অনুকুল দেববর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি কলেজের অধ্যক্ষ ড. অজিত বর্মনের কাছে ডেপুটেশন জমা দেয়।

টিআইএসএফ-এর অভিযোগ, প্রতিনিধি দল কলেজ প্রাঙ্গণে প্রবেশের সময় এবিভিপির ছাত্রছাত্রীরা তাঁদের বাধা দেয়। পরবর্তী সময়ে কলেজের গেট তালাবদ্ধ করে বিক্ষোভ শুরু করা হয় এবং ‘ত্রিপ্রা মথা গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে টিআইএসএফ-এর প্রতিনিধিদের নিরাপত্তা বলয়ে নিয়ে আসে।

টিআইএসএফ-এর দাবি, প্রায় দেড় ঘণ্টা গেটের বাইরে অবস্থানের পর পুলিশি নিরাপত্তায় তাঁদের অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। ডেপুটেশন গ্রহণের পর ফের নিরাপত্তা বলয়ে তাঁদের কলেজ চত্বর থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাঁদের উদ্দেশে স্লোগান ও গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন টিআইএসএফ-এর জেলা সভাপতি অনুকুল দেববর্মা। ঘটনায় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, টিআইএসএফ-এর প্রতিনিধি দল কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর অধ্যক্ষের কক্ষে ঢুকে বিক্ষোভ শুরু করে এবিভিপির ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে অধ্যক্ষ ড. অজিত বর্মনকে কক্ষের ভিতরে রেখে দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।
এবিভিপির জেলা সংযোজক অংকন পালের অভিযোগ, এনএসইউআই ও এসএফআই-এর কর্মীরা ত্রিপ্রা মথার সমর্থক সেজে কলেজে এসে এবিভিপির ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ এবং ধাক্কাধাক্কি করেছে। তাঁর দাবি, কলেজ অধ্যক্ষ টিআইএসএফ-এর ডেপুটেশন গ্রহণ না করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।
অংকন পাল আরও জানান, যেসব ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ, তাঁদের সম্মান রক্ষার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও ও তালাবদ্ধ করে বিক্ষোভ চলবে।

দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে কৈলাসহর কলেজ চত্বরে দীর্ঘ সময় উত্তেজনা বজায় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top