আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশের অর্থনৈতিক সংকট এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানায় কংগ্রেস।
সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জয়নগর বাসস্ট্যান্ড সংলগ্ন অবলা চৌমুহনী পর্যন্ত মিছিল করেন কংগ্রেস কর্মীরা। পুলিশ প্রশাসনের অনুমোদিত নির্ধারিত সীমার মধ্যেই মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, নীলকমল সাহা, পৃথা দেব, রূপা রায় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তোলেন কংগ্রেস নেতারা। দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় যে ‘সুইসাইড নোট’-এর কথা উল্লেখ করেছিলেন, সেটি প্রকাশ্যে আনার দাবি জানানো হয়। কংগ্রেসের প্রশ্ন, নোটটি যদি থেকে থাকে, তাহলে তা প্রকাশ করা হচ্ছে না কেন এবং কোন তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এত দ্রুত ঘটনাটিকে ‘ন্যাচারাল সুইসাইড’ হিসেবে উল্লেখ করেছিলেন।
কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, পোস্টমর্টেম-সংক্রান্ত তথ্য এবং ফরেনসিক তদন্তের সঙ্গে যুক্ত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করছে। একদিকে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, অন্যদিকে ফরেনসিক-সংক্রান্ত তথ্যে মৃতদেহ শোয়ানো অবস্থায় পাওয়ার কথা সামনে এসেছে বলে দাবি করা হয়। এই বিষয়গুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি।
এদিকে অনুরাগ ধ্যানকরের মৃত্যুর বিষয়টি বিধানসভায় উত্থাপনের পর বিধায়ক সুদীপ রায় বর্মনকে ‘অসংসদীয় শব্দ’ ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করার বিষয়টিও তুলে ধরে কংগ্রেস। দলের প্রশ্ন, বিধানসভার নিয়মভঙ্গের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হলেও মৃত্যুর রহস্য উদঘাটনের দাবির সঙ্গে এই বিষয়টিকে কেন এক করে দেখা হচ্ছে।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আরও দাবি করেন, পুলিশপ্রধানের অফিসের বাথরুম থেকে মৃতদেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যেতে প্রায় ৪৫ মিনিট বিলম্ব এবং পরে চিকিৎসককে মৃত ঘোষণা করতে আরও প্রায় ৪০ মিনিট সময় লাগার বিষয়টিও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা উচিত।
কংগ্রেসের পক্ষ থেকে একজন কর্মরত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করা হয়। মুখ্যমন্ত্রীর কথিত হস্তক্ষেপ বন্ধ করে ঘটনার সমস্ত তথ্য প্রকাশ এবং অনুরাগ ধ্যানকরের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানায় প্রদেশ কংগ্রেস।



















