নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর: গতকাল বিলোনীয়ার উত্তর ভারতচন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির যে নয়জন ছাত্রছাত্রী শাসকষ্ট ও বুকে ব্যাথার কারণে অসুস্থ হয়েছিল তাদের মধ্যে চারজন আজও বিলোনীয়া মহকুমা হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আজ জেলাশাসক ও সমাহর্তা মহঃ সাজ্জাদ পি ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা ব্যবস্থার তদারকি করেন। পরে তাঁরা বিদ্যালয়টি পরিদর্শন করেন। সেখানে আজ মেডিক্যাল টিম পাঠানো হয়, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের কাউন্সেলিং করা হয়।
জেলাশাসক বিদ্যালয়ে এক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক জীবন চন্দ্র দাস, জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি কমল পাল দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্লকের বিডিও, বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। প্রাথমিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাত্রছাত্রীদের অসুস্থতার কারণ হিসেবে স্নায়ু ও মানসিক চাপ এবং হিস্টোরিয়ার কথা উল্লেখ করেছেন। জেলাশাসক শিক্ষা দপ্তরের আধিকারিক, প্রধান শিক্ষক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের উৎসাহিত করেন।



















