News Flash

  • Home
  • Uncategorized
  • রিভিশন কমিটির সুপারিশে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বেতনক্রম অসম্ভব, জানালেন অর্থমন্ত্রী
Image

রিভিশন কমিটির সুপারিশে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বেতনক্রম অসম্ভব, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সরকারী কর্মচারী এবং পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাসে খুবই ভাল প্রস্তাব জমা দিয়েছে পে এন্ড পেনশন রিভিশন কমিটি৷ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এনিয়ে সন্তোষও প্রকাশ করেছেন৷ কিন্তু, সপ্তম বেতন কমিশন কার্যকর কিংবা কর্মচারীদের দাবি মেনে বেতন ভাতা কাঠামো পুনর্বিন্যাস সম্ভব কিনা সে বিষয়ে ঝেড়ে কাশেননি অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ শুধু জানিয়েছেন, কমিটির রিপোর্ট মন্ত্রিসভার সদস্যরা খতিয়ে দেখবেন এবং খুব শীঘ্রই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সম্ভবত, আগামী মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ উপস্থাপিত হয়৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, রিপোট তৈরীর পরিপ্রেক্ষিতে পে এন্ড পেনশন রিভিশন কমিটির চেয়ারম্যান, সদস্য সচিবসহ এই কমিটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে মন্ত্রিসভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়৷ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ বৈঠকে কমিটির রিপোর্ট খুব ভাল হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন৷ এখন এই রিপোর্ট মন্ত্রিসভার বাকি সদস্যরা খতিয়ে দেখবেন৷ তিনি আরো জানান, খুব শীঘ্রই কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনির্বন্যাসে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এখন প্রশ্ণ হল, সপ্তম বেতন কমিশন কার্যকর নাকি কর্মচারী ও পেনশনার্সদের দাবি মেনে সন্তোষজনক বেতন ভাতা পুনর্বিন্যাস কোন পথে হাঁটবে রাজ্য সরকার৷ অর্থমন্ত্রী জানান, এখনই কোন কিছু বলা সম্ভব নয়৷ বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে৷ এর অতিরিক্ত কমিটি কি সুপারিশ করেছে তা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে৷ এদিন তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় বেতনক্রম দেওয়া কোনভাবেই সম্ভব নয়৷ কারণ, তাতে বছরে অতিরিক্ত ২৫০০ কোটি টাকার প্রয়োজন৷ রাজ্যের ভাড়ারে এত টাকা নেই৷ তাই আর্থিক সংগতির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, জানান অর্থমন্ত্রী৷
তিনি জানান, আসামেও কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন চালু হয়নি৷ তাদের নিজের মতো করে আসাম পে কমিশন কার্যকর করেছে৷ অর্থমন্ত্রী জোর গলায় বলেন, প্রমাণ হাতে পেয়েই তিনি এই দাবি করছেন যে, মুখে আসাম সরকার কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবি করলেও, মূলত তারা আসাম পে কমিশন কার্যকর করেছে৷ আসাম সরকারের গঠিত পে এন্ড প্রোডাক্টিভিটি রিভিশন কমিটির সুপারিশেই তা কার্যকর হয়েছে৷
এদিন অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দ ৬০০ কোটির অতিরিক্ত কোন অর্থ বেতন ভাতা পুনর্বিন্যাসে খরচ করা যাবে না, তা একবারও বলেননি৷ বরং মনে হয়েছে, ৬০০ কোটির অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে সে বিষয়ে রাজ্য সরকারও প্রস্তুত৷ ফলে ধারণা করা হচ্ছে, সামনে নির্বাচন এই চিন্তায় কর্মচারী মহলকে কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করবে রাজ্য সরকার৷
উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য গত এপ্রিল মাসে এই পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করেছিল এবং গত ৩১ মে পে এন্ড পেনশন রিভিশন কমিটি তাদের সুপারিশ সহ রিপোর্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে তুলে দেয়৷
এদিন, কর্মচারী ও পেনশনারদের বেতন ভাতা পুনর্বিন্যাসে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করায় কর্মচারী মহলে জল্পনার সৃষ্টি হয়েছে৷ সন্তুষ্টি কিসের জন্য, এই প্রশ্ণ কর্মচারীকূলকে ভাবাচ্ছে৷ কারণ, কমিটির সুপারিশ রাজ্য সরকারের পক্ষে নাকি কর্মচারীকূলকে সন্তুষ্ট করার জন্য এই ধোঁয়াশা এখনও রয়েই গিয়েছে৷ সমালোচকদের মতে, রিভিশন কমিটি যে সুপারিশ করেছে তাতে রাজ্য সরকারের ঘাড়ে হয়তো বা খুব একটা আর্থিক বোঝা চাপবে না৷ তাই মুখ্যমন্ত্রী এই রিপোর্ট নিয়ে সন্তুষ্ট৷ তবে, কর্মচারী মহলের ধারণা নির্বাচনকে সামনে রেখে রিভিশন কমিটির সুপারিশে কেন্দ্রীয় হারে না পেলেও অনেকটাই সন্তোষজনক হতে পারে বেতন ভাতা কাঠামো৷ তাই হয়তো বা মুখ্যমন্ত্রী রিভিশন কমিটির সুপারিশে সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top