আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাতচাঁদ ব্লক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সাতচাঁদ ব্লকের অধীনে মোট ১৫টি এডিসি ভিলেজে ১১১টি আসন রয়েছে। এর মধ্যে শুক্রবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের পক্ষ থেকে ১০১টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বাকি আসনগুলিতেও আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত, শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, অরুণ ত্রিপুরা, বিপ্লব সান্যাল, গৌতম ভৌমিক, বারজুং কুমার ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তিপরা মথার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হন। তাঁর দাবি, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে জনগণ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
প্রভাত চৌধুরী আরও দাবি করেন, ১ সেপ্টেম্বর থেকে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি ও তিপরা মথা সব আসনে প্রার্থী মনোনয়ন করতে পারেনি। যদিও এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট দলগুলির বক্তব্য জানা যায়নি।
আসন্ন নির্বাচনে সাতচাঁদ ব্লকের ১৫টি এডিসি ভিলেজের সিপিআইএম প্রার্থীরা জনগণের বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিনের মিছিল ও মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে সাতচাঁদ ব্লক এলাকায় সিপিআইএমের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



















