কমলপুর, ৪ সেপ্টেম্বর:
কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান বহু উৎসুক মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কিং কোবরার উপস্থিতির খবর পেয়ে সাপ উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সতর্কতার সঙ্গে দীর্ঘ প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধার হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান এলাকার বাসিন্দারা। উদ্ধার করার পর কিং কোবরাটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
জনবসতিপূর্ণ এলাকায় এমন বিষধর সাপের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। একই সঙ্গে বন্যপ্রাণীর আবাসস্থল থেকে লোকালয়ে সাপ ঢুকে পড়ার ঘটনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।



















