News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের প্রাক্কালেই অগ্ণিগর্ভ গন্ডাছড়া, সাত জওয়ানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আইপিএফটি সমর্থকরা
Image

বনধের প্রাক্কালেই অগ্ণিগর্ভ গন্ডাছড়া, সাত জওয়ানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আইপিএফটি সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ ৪৮ ঘন্টার গন্ডাছড়া বনধের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ঐ প্রত্যন্ত মহকুমা এলাকা৷ বন্ধ আহ্বানকারী আইপিএফটির যুব ব্রিগেডের সাথে সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন সাতজন নিরাপত্তা কর্মী৷ গুরুতর জখম দুই টিএসআর জওয়ানকে গন্ডাছড়া হাসপাতাল থেকে রাজধানী আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ অন্য পাঁচজনের চিকিৎসা চলছে গন্ডছড়া মহকুমা হাসপাতালে৷ এদিকে, সংঘর্ষের ঘটনার পর গোটা মহকুমায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ পুলিশের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে রয়েছেন৷ পরিস্থিতির উপর নজরদারী চালাচ্ছে আরক্ষা প্রশাসন৷

সংবাদে প্রকাশ, পৃথক রাজ্যের দাবীদার তথা আঞ্চলিক দল আইপিএফটির যুব সংগঠন বৃহস্পতিবার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধ আহ্বান করে৷ তাদের দাবী গত আট ফেব্রুয়ারী ত্রিদলীয় ফোরামের ডাকা বনধে সিপিএম ক্যাডারদের হামলায় আইপিএফটির বেশ কয়েকজন কর্মী সমর্থক যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে৷ এই দাবী প্রশাসনের কাছে রাখা হয়েছিল যুব সংগঠনটির তরফ থেকে৷ সেইসাথে হুমকি দেওয়া হয়েছিল যদি দাবী না মানা হয় তাহালে ষোল ফেব্রুয়ারী থেকে আটচল্লিশ ঘন্টার গন্ডাছড়া বনধ পালন করা হবে৷

সেই মোতাবেক, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বনধকে সর্বাত্মক সফল করার জন্য মহকুমার বাইরে থেকে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক গন্ডাছড়ায় আসতে থাকে বুধবার সকাল থেকেই৷ এদিকে, আরক্ষা প্রশাসনের তরফ থেকে বহিরাগতদের আগমন প্রতিরোধ করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পুলিশ প্রশাসনের ইনস্পেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেস, ধলাইয়ের পুলিশ সুপার জল সিং মিনা, এসডিপিও জওহর দেববর্মা সহ পদস্থ পুলিশ অফিসাররা গন্ডাছড়ায় চলে গিয়েছেন বুধবার দুপুরের আগেই৷ এই বনধকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রায় বারোশ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে গোটা মহকুমায়৷ এর মধ্যে রয়েছে টিএসআর ও পুলিশ৷ তাছাড়া অতিরিক্ত রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ৬৫০ জন টিএসআর জওয়ান এবং এক প্ল্যাটুন সিআরপিএফ জওয়ান৷ পুলিশ প্রশাসনের এতো আয়োজনের মধ্যেই বনধ শুরু হওয়ার আগেই এদিন বিকালে ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা৷

জানা গিয়েছে, সকাল থেকে আশেপাশের মহকুমাগুলি থেকে কাতারে কাতারে আইপিএফটি সমর্থক গন্ডাছড়ায় পৌঁছতে শুরু করে৷ প্রচুর সংখ্যায় বনধ সমর্থক গন্ডাছড়ায় আসতে দেখে পুলিশ প্রশাসন রীতিমতো উদ্বেগের মধ্যে পড়ে যায়৷ তাই বাধ্য হয়ে বুধবার বিকাল দুইটা থেকে ১৪৪ ধারা জারী করে দেয় প্রশাসন৷ এই ১৪৪ ধারা বলবৎ থাকবে শনিবার দুপুর দুইটা পর্যন্ত৷ পাশাপাশি গন্ডাছড়া যাওয়ার দুটি সড়কের পৃথক স্থানে দুটি অস্থায়ী চেকপোস্ট গড়ে তোলা হয়৷ এগুলি হল অমরপুর-গন্ডাছড়া সড়কের বাবুসারি টিএসআর ক্যাম্প এবং আমবাসা-গন্ডাছড়া সড়কের বড়বাড়ি এলাকায়৷ তাছাড়া কালাঝারিতে একটি চেকপোস্ট আগেই ছিল৷ সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷

গন্ডাছড়া মহকুমা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত কালাঝাড়ি চেকপোস্টের সামনে দিয়ে প্রচুর সংখ্যায় আইপিএফটি সমর্থক গাড়ি ভর্তি হয়ে গন্ডাছড়ার দিকে আসতে শুরু করে৷ বাবুসাহি চেকপোস্টের সামনে গাড়িগুলিকে আটকে দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ তারপর আইপিএফটি সমর্থকরা পায়ে হেটে কালাঝাড়ি চেকপোস্টে পৌঁছে৷ সেখানে পৌঁছতেই টিএসআর জওয়ানদের সাথে আইপিএফটি সমর্থকদের তীব্র বাদানুবাদ হয়৷ একসময় উত্তেজিত হয় শত শত আইপিএফটি কর্মীরা সেখানে কর্তব্যরত টিএসআর জওয়ানদের উপর হামলা চালায়৷ তাতে সাতজন টিএসআর জওয়ান ও পুলিশ কর্মী গুরুতর জখম হন৷ আহতরা হলেন, সুবাষ দাস (৩৮), পার্থ দেবনাথ (২৭), বিকাশ দাস (৩৪), পলাশ দাস (২৮), রাজেশ দাস (২৯), বিজন চন্দ (৩৬) এবং লক্ষ্মণ দেবনাথ (৩৬)৷ বিজন চন্দও লক্ষ্মণ দেবনাথ টিএসআর জওয়ান৷ বাকিরা পুলিশ কর্মী৷ আহতদের মধ্যে দুইজনকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

এদিকে, এই ঘটনার খবর পেয়ে আইজি (আইন শৃঙ্খলা), জেলার পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ অফিসাররা কালাঝাড়ি চেকপোস্টে ছুটে গিয়েছেন৷ বিশাল সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক আইপিএফটি কর্মী সমর্থককে আটক করা হয়েছে এবং তাদের কালাঝাড়ি কমিউনিটি হলে রাখা হয়েছে৷ অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া আটচল্লিশ ঘন্টার বন্ধের প্রেক্ষিতে গন্ডাছড়া হাসাপাতলের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবাও যাতে স্বাভাবিক রাখা যায় তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top