নয়াদিল্লি, ২৪ মে (আইএএনএস): আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে তুলে ধরতে রবিবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘জনজাতি সাংস্কৃতিক সমাগম’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদিবাসী জননেতা ভগবান বিরসা মুন্ডা-র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দাবি, দেশের ৫৫০-রও বেশি আদিবাসী সম্প্রদায়ের প্রায় দেড় লক্ষ প্রতিনিধি এই মহাসমাবেশে যোগ দেবেন। দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং ভারত গঠনে তাঁদের অবদানকে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের আগে দিল্লির শ্যাম গিরি মন্দিরে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জনজাতি সুরক্ষা মঞ্চ -এর উদ্যোগে আয়োজিত এই সমাগম রাজধানীতে আয়োজিত বৃহত্তম আদিবাসী জমায়েতগুলির অন্যতম হতে পারে বলে মনে করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, দিল্লির পাঁচটি ভিন্ন স্থান থেকে ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে আদিবাসী নারী-পুরুষদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা শেষে লালকেল্লা প্রাঙ্গণে মিলিত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের লোকনৃত্য, লোকসংগীত, হস্তশিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শনীও থাকবে। পাশাপাশি ক্রীড়া, শিক্ষা, সমাজসেবা এবং সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য প্রায় ১০০ জন বিশিষ্ট আদিবাসীl. ব্যক্তিত্বকে সম্মান জানানো হবে।
আয়োজকদের বক্তব্য, দেশের দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকা থেকে এত বিপুল সংখ্যক আদিবাসী প্রতিনিধির রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এই প্রথম।
অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রায় ২০টি দফতর ও একাধিক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবাসন, পরিবহণ, খাবার, পানীয় জল, চিকিৎসা, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার মতো বিভিন্ন বিষয়ের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, ভগবান বীরসা মুন্ডা ভারতের অন্যতম শ্রদ্ধেয় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং আদিবাসী সমাজের ধর্ম, পরিচয় ও সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করেছিলেন।



















