ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। প্রসেনজিৎ দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতে ব্রজেন্দ্রনগর স্কুলের যাবতীয় প্রতিরোধ ধূলিসাৎ হয়ে যায়। উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেলো ইস্ট মনুঘাট স্কুল। ২৮১ রানে পরাজিত করলো ব্রজেন্দ্রনগর স্কুলকে। বিজয়ী দলের প্রসেনজিৎ প্রথমে ঝড়ো ৯৬ রান করার পর বল হাতে ২ উইকেট তুলে নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় প্রসেনজিৎকে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিশাল ৩২৭ রান করে ইস্টমনুঘাট ইংলিস মিডিয়াম স্কুল। দলের পক্ষে প্রসেনজিৎ দেবনাথ ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৬, রাজেশ ভৌমিক ৪৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, অভিজিৎ ত্রিপুরা ৩৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, অভ্রজিৎ শীল শর্মা ২০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং পার্থ দেবনাথ ৪৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৬ রান। ব্রজেন্দ্রনগর স্কুলের পক্ষে অতনু দাস (২/৫২) এবং শান্তু রাই (২/৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রীয়তম রায় (৪/২) এবং দলনায়ক আকাশ নাথের (৪/৬) বিধ্বংসী বোলিংয়ে ঘরের মাঠে মাত্র ৪৬ রানে গুটিয়ে ব্রজেন্দ্রনগর স্কুল। দলের পক্ষে সঞ্জয় দাস ২৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ইস্ট মনুঘাট স্কুলের পক্ষে এছাড়া প্রসেনজিৎ দেবনাথ (২/১৬) সফল বোলার।

সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেটে জয়ে সূচনা ইস্ট মনুঘাটের
Tags:


















