অসম নয়, এই মুহুর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ত্রিপুরা : সুস্মিতা দেব

আগরতলা, ২ সেপ্টেম্বর (হি. স.) : অসম নয়, এই মুহুর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ত্রিপুরা। আজ উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে গিয়ে দৃঢ়তার সাথে এ-কথা বলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য সুস্মিতা দেব। তাঁর বিশ্বাস, মাতা ত্রিপুরেশ্বরীর আশির্বাদে ত্রিপুরার উন্নয়ন করবে তৃণমূল।


বুধবার রাজ্যে আসেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের পর ত্রিপুরায় যাত্রা শুরু করেন। এদিন তিনি ত্রিপুরায় বিজেপি জোট সরকারকে কটাক্ষ ‌করে বলেন, ২০১৮ সাল থেকে শাসক দল তাদের একটিও প্রতিশ্রুতি রাখতে পারেনি। তাঁর কথায়, যদিও সাধারণ মানুষ শেষ কথা বলবে, দেবীর আশীর্বাদে আমরা ত্রিপুরা এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাঁর বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় আরও শক্তিশালী হবে। সাথে তিনি আশ্বস্ত করেন, তৃণমূল কোন হিংসার রাস্তায় যাবে না।

এদিন তিনি সাফ বলেন, অসমে অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ন্ত্রণ করছেন। সুস্মিতা দেব মনে করেন, তৃণমূল কংগ্রেসের প্রয়োজন রয়েছে অসমে। কিন্তু এই মুহূর্তে আমাদের পাখির চোখ ত্রিপুরা। সাথে তিনি যোগ করেন, অসমে প্রথমে সংগঠন তৈরী করব, তারপর নির্বাচনে ঝাপাব।