News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থতার কারণে রাজ্যে আনা যাচ্ছে না গৌতম কুন্ডুকে
Image

অসুস্থতার কারণে রাজ্যে আনা যাচ্ছে না গৌতম কুন্ডুকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুকে সোমবার আগরতলায় আনা যাচ্ছে না৷ শারীরিক অসুস্থতার কারণে তাকে নিয়ে আসার প্রক্রিয়া পিছিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷

চিটফান্ড কান্ডে সিট রোজভ্যালি সহ মোট ৪৮টি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷ এই ৪৮ টি সংস্থার মোট ৭৮টি মামলায় সিট তদন্ত গ্রহণ করেছে৷ এর মধ্যে ১৮টি মামলার চার্জশিট সিট আদালতে জমা দিয়েছে এবং ৫৬টি মামলার তদন্ত চলছে৷ এই মামলাগুলির মধ্যে রোজভ্যালির তিনটি মামলা রয়েছে৷ পশ্চিম আগরতলা থানায়, বীরগঞ্জ থানায় এবং কুমারঘাট থানায় রোজভ্যালির একটি করে মামলা রয়েছে যার তদন্ত করছে সিট৷ পশ্চিম আগরতলা থানার মামলাটিতে ৯৭ কোটি ৬২ লক্ষ ৯০ হাজার ২৬৮ টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে৷ সূত্রের খবর, এই মামলা সহ বাকি ২টি মামলায় রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুকে আদালতে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছে৷ ইতিমধ্যে সিআইডির একটি বিশেষ টিম গৌতম কুন্ডুকে নিয়ে আসার জন্য ওড়িশা গিয়েছেন৷ গৌতম কুন্ডু সিবিআই হেপাজতে রয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা বর্তমানে ভুবনেশ্বরে অবস্থান করছেন৷

নোটিশ অনুযায়ী গৌতম কুন্ডুকে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে৷ কিন্তু, হঠাৎ তার শারীরিক অসুস্থতার কারণে তাকে নিয়ে আসার প্রক্রিয়াটি পিছিয়েছে বলে জানা গেছে৷

সূত্রের খবর, গৌতম কুন্ডুর সাথে রোজভ্যালির চিটফান্ড সংস্থার অধিকর্তা শিবময় দত্ত এবং মহাব্যবস্থাপক অশোক সাহাকেও আদালতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে৷ তারাও সিবিআই হেপাজতে রয়েছেন৷ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি দীর্ঘদিন ধরে চলছে৷ রোজভ্যালি এবং তার ব্যবস্থাপকদের বিরুদ্ধে রাজ্যের আদালতগুলিতে মামলাগুলি বকেয়া পড়ে আছে৷ জানা গেছে, গৌতম কুন্ডু সহ সংস্থার ব্যবস্থাপকদের বিরুদ্ধে আনা অভিযোগ গুলির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সিআইডি কর্মকর্তারা তাদের আগরতলায় আনতে বিশেষ অনুমতি এবং ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করেছিলেন৷এই অনুমোদন পাওয়ার পরই অভিযুক্তদের আগরতলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷

এদিকে, হাইপ্রোফাইল অপরাধীদের রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, তাদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখে আগরতলায় আনা হবে৷ আগরতলাতেও আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে৷ পুলিশের সূত্রটি জানিয়েছেন, সম্ভবত মঙ্গলবার তাদের রাজ্যে নিয়ে আসা হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top