News Flash

  • Home
  • Uncategorized
  • নিরীহ ব্যক্তির উপর পুলিশী জুলুম, মামলার ষোল বছর পর জেল জরিমানা ডিএসপিকে
Image

নিরীহ ব্যক্তির উপর পুলিশী জুলুম, মামলার ষোল বছর পর জেল জরিমানা ডিএসপিকে

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিএসপি দেবজ্যোতি গৌতমকে ভারতীয় দন্ডবিধির ৩৪২ এবং ৩২৫ ধারায় দোষী সাব্যস্ত করে দুবছরের কারাদন্ড দিল সদরের ফাস্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট৷ পরবর্তী সময়ে জামিনে ছাড়াও পেয়ে যান ডিএসপি গৌতম ৷ ১৬ বছর মামলাটি চলছিল৷ দেবজ্যোতি গৌতমের বিরুদ্ধে মামলা করেছিলেন মোহনপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক রাধামোহন দেবনাথের পুত্র পরিমল দেবনাথ৷
রাজ্য পুলিশের প্রাক্তন ডিএসপি তৎকালীন সময়ের সার্কেল ইন্সপেক্টর দেবজ্যোতি গৌতমকে নিরাপরাধ ব্যক্তিকে নির্যাতনের অপরাধে দুই বছরের কারাদন্ড দিলেন সদরের ফাস্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট৷ দেবজ্যোতি গৌতম ২০০০ সালের জুন মাসের সদর নর্থ-এর সার্কেল ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন৷ ২০০০ সালের ২০ জুন সন্ধ্যায় মোহনপুর এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক রাধামোহন দেবনাথের ছেলে পরিমল দেবনাথকে মোহনপুর থানার ওসি মিহির রায় থানায় ডেকে এনে রাতভর অহেতুক লকআপে আটকে রাখেন৷ পরদিন অর্থাৎ ২১ জুন থানায় সদর নর্থ-এর সার্কেল ইন্সপেক্টর দেবজ্যোতি গৌতমের চেম্বারে নিয়ে যাওয়া হয়৷ সেখানে দেবজ্যোতি গৌতম অহেতুক পরিমল দেবনাথকে প্রচন্ডভাবে মারধর করেন৷ তার মারের চোটে বাঁ পা ও ডান হাত ভেঙ্গে যায় মোহনপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক রাধামোহন দেবনাথের পুত্র পরিমল দেবনাথের৷ পরিমলকে চিকিৎসার জন্য মোহনপুর হাসপাতালে ভর্তি করতে হয়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল৷ ঘটনার পরদিন অর্থাৎ ২২ জুন মোহনপুর প্রাক্তন বিধায়ক এফআইআর করতে মোহনপুর থানায় যান৷ কিন্তু কোন এক রহস্যজনক কারণে প্রাক্তন বিধায়কের এফআইআর গ্রহণ করেনি মোহনপুর থানা কর্তৃপক্ষ৷ থানায় এফআইআর না রাখায় ২৯ জুন তখনকার এসপি ওয়েস্ট অরিন্দম নাথের কাছে প্রাক্তন বিধায়ক লিখিতভাবে অভিযোগ জানান৷ কিন্তু পশ্চিম জেলার তৎকালীন এসপি অরিন্দম নাথ ১০ জুলাই মোহনপুরের প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় রাধামোহন দেবনাথের পরিবারকে ধমক দিয়ে আসেন৷ এই ঘটনায় আরো ক্ষেপে যান প্রাক্তন বিধায়ক পুত্র পরিমল দেবনাথ৷ তিনি আহত শরীর নিয়েই ১১ জুলাই অর্থাৎ অরিন্দম নাথের সফরের পরের দিন পুলিশের বিরুদ্ধে মামলা করেন৷ ২০০৯ সালের ১৪ নভেম্বর এই মামলায় দেবজ্যোতি গৌতমের চার্জ গঠন করা হয়৷ গৌতমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪২ এবং ৩২৫ ধারায় মামলা গ্রহণ করা হয়৷ এই মামলায় পরিমলের পক্ষে সাক্ষী দেন পরিমল স্বয়ং, প্রাক্তন বিধায়ক তথা পরিমলের বাবা রাধামোহন দেবনাথ, পরিমলের মা, স্ত্রী এবং চিকিৎসক৷ অপরদিকে এই মামলার সাফাই সাক্ষী দেন দেবজ্যোতি গৌতম নিজে এবং মোহনপুর থানার তৎকালীন ওসি মিহির রায়৷ দীর্ঘ ১৬ বছর পর বৃহস্পতিবার সদরের ফাস্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাম সিভিল জজ ঈশিকা খাঁ দেবজ্যোতি গৌতমকে দোষী সাব্যস্ত করে ৩৪২ ধারায় ১ বছর কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাবাস এবং ৩২৫ ধারায় ২ বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬০ দিনের কারাবাসের রায় দেন৷ পরিমল দেবনাথের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এবং আইনজীবী বিজন সাহা৷ বৃহস্পতিবার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এই সংবাদ জানান৷
রাজ্যের বর্ষীয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, এটি শুধুমাত্র ব্যক্তি পরিমল দেবনাথের জন্যই রায় নয়৷ যারাই হাজত হিংসার শিকার হয়েছেন এই রায়ে তারা উজ্জ্বীবিত হবেন৷ পরিমলের বিরুদ্ধে পুলিশ যেটা করেছে সেটা অপরাধ৷ এই রায়কে স্বাগত জানান রায় বর্মণ এবং পরিমল দেবনাথের লড়াকু মানসিকতারও ধন্যবাদ জানান তিনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top