আগরতলা, ১ সেপ্টেম্বর: গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। একই সঙ্গে প্রত্যেক অভিযুক্তকে এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে মোট ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
ঘটনার পর গাড়ির চালক পার্থ দেবনাথ এবং সহ-চালক বিজেশ দেববর্মকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
মামলাটি খোয়াই জেলা আদালতের স্পেশাল জজ শর্মিষ্ঠা মুখার্জীর আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় আদালতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনার পর আদালত পার্থ দেবনাথ ও বিজেশ দেববর্ম—উভয়কেই দোষী সাব্যস্ত করেন।
এরপর আদালত দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেন। আদালতের এই রায়কে গাঁজা পাচারের মতো মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।






















