তিরুবনন্তপুরম, ২৩ মে (আইএএনএস) : কেরলে মুখ্যমন্ত্রী সতীশন-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বড়সড় সাইবার প্রতারণা চক্র চালানোর অভিযোগ সামনে এসেছে। ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে তদন্ত শুরু করেছে সাইবার পুলিশ।
অভিযোগ, “চিফ মিনিস্টার ভিডিএস” নামে একটি ভুয়ো ফেসবুক পেজ তৈরি করে প্রতারকরা দাবি করছিল, মুখ্যমন্ত্রীর পোস্ট, আপডেট ও বিশেষ কনটেন্ট দেখতে হলে মাসিক ৮৯ টাকা সাবস্ক্রিপশন দিতে হবে।
এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকে রাজনৈতিক নেতা, চলচ্চিত্র তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্বদের নাম ও ছবি ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য একটি সংগঠিত অনলাইন চক্র সক্রিয় রয়েছে।
তদন্তকারীদের দাবি, ফেসবুকে ভিডি সতীশনের নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেও প্রায় ৫.৮৯ লক্ষ অনুসরণকারী থাকা একটি নির্দিষ্ট পেজ নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে।
সাইবার আধিকারিকদের সন্দেহ, ওই পেজ পরিচালনাকারীরা সাবস্ক্রিপশন বাবদ ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে। তবে ঠিক কতজন টাকা দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ, পেজের পরিচালকেরা সেই তথ্য গোপন রেখেছে বলে অভিযোগ।
সাধারণত জনপ্রিয় ব্যক্তিত্বরা বিশেষ পোস্ট, রিল বা লাইভ ভিডিও দেখানোর জন্য সাবস্ক্রিপশন ব্যবস্থা ব্যবহার করেন। তদন্তকারীদের মতে, প্রতারকরা সেই ব্যবস্থাকেই কৌশলে ব্যবহার করে ভুয়ো পেজটিকে আসল বলে বিশ্বাসযোগ্য করে তুলেছিল।
এদিকে মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরকারি ভাবে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নামে শুধুমাত্র একটি যাচাইকৃত ফেসবুক পেজ রয়েছে। অর্থ দাবি করা অন্য সব অ্যাকাউন্টই ভুয়ো বলে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
সাইবার পুলিশের সূত্রে খবর, সাংবিধানিক পদে থাকা ব্যক্তির পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ ওঠায় ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভুয়ো পেজগুলি শনাক্ত ও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট গেটওয়ে এবং আইপি অ্যাড্রেসও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের আশঙ্কা, রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এ ধরনের আরও বহু ভুয়ো সাবস্ক্রিপশন প্রতারণা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোপনে চলতে পারে।
।।।।


















