অনূর্ধ্ব ১৩ : বীরবিক্রম ক্লাবকে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে পৌঁছলো। সেমিফাইনালের লড়াই থেকে হেরে বিদায় বীর বিক্রম ক্লাবের। সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সোনামুড়া কোচিং সেন্টার ছয় উইকেটের ব্যবধানে বীরবিক্রম ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। গত ৩১ জানুয়ারি প্রথম সেমিফাইনালে ধনীরামপুর প্লে সেন্টার ২৩ রানের ব্যবধানে দশরথ বাড়ি প্লে সেন্টারকে হারিয়ে ইতিমধ্যে ফাইনালে প্রবেশ করেছে। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ছিল সোনামুড়া স্পোর্টিং এসোসিয়েশন গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে বীর বিক্রম ক্লাব প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ২৭.৫ ওভার খেলে মাত্র ৫৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে আরফান উদ্দিন সর্বাধিক কুড়ি রান পায়। সোনামুড়া কোচিং সেন্টারের মিনহাজ আহমেদ বারো রানে তিনটি এবং আরিয়ান পাল সাত রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১৪.৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মিনহাজ আহমেদ অপরাজিত ভূমিকায় ২৪ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বলে ব্যাটে দারুণ পারফরমেন্সের সৌজন্যে মিনহাজ প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছিল। বীর বিক্রম ক্লাবের সিদ্ধার্থ মজুমদার ১১ রানে তিনটি উইকেট পেলেও স্বল্প স্কোরের কারণে সোনামুড়া কোচিং সেন্টারের জয় রুখতে পারেনি।