আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার অভিযোগ তুলে আগরতলার প্রতাপগড় মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল রামঠাকুর পাঠশালা বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। আজ এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পড়ুয়াদের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে স্কুলে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমস্যা চলছে। এরই মধ্যে গত ১৫ আগস্ট থেকে ২৮ আগস্টের মধ্যে একাধিকবার স্কুলে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্কুল থেকে বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, পাখা সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের।
ছাত্রদের দাবি, চুরির ঘটনাগুলি নিয়ে একাধিকবার পুলিশকে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু চুরি নয়, স্কুলে শিক্ষক স্বল্পতার অভিযোগও তুলেছে পড়ুয়ারা। তাঁদের দাবি, শিক্ষক ও পরিকাঠামোগত সমস্যার কারণে স্বাভাবিকভাবে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। অনেক দিনই চতুর্থ পিরিয়ডের পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
মিড-ডে মিল পরিষেবা নিয়েও অভিযোগ সামনে এসেছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, প্রায় ছয় দিন ধরে স্কুলে সঠিকভাবে মিড-ডে মিল দেওয়া হচ্ছে না। যদিও সংবাদমাধ্যমের সামনে স্কুলের এএইচএম এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তবে তিনিও স্বীকার করেন, স্কুলে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা রয়েছে। শিক্ষক স্বল্পতার বিষয়টিও তিনি স্বীকার করেছেন বলে জানা যায়।
স্কুলের একাধিক সমস্যা নিয়ে ক্ষুব্ধ পড়ুয়া ও অভিভাবকরা এদিন রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অবরোধকারী পড়ুয়াদের রাস্তা থেকে সরিয়ে স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিভাবক, পুলিশ এবং স্কুল পরিচালন কমিটির সদস্যদের নিয়ে আলোচনায় বসা হয়।
পড়ুয়া ও অভিভাবকদের দাবি, আলোচনার মধ্যেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। স্কুলে বারবার চুরি বন্ধ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধান এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
এখন দেখার বিষয়, আলোচনার পর স্কুলের দীর্ঘদিনের সমস্যাগুলির কতটা দ্রুত সমাধান হয়। পড়ুয়াদের একটাই দাবি, নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ করতে হবে।
























