ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। উদয়পুর চ্যাম্পিয়ন। তাও সদরকে হারিয়ে। সিনিয়র রাজ্য ক্রিকেটে, এলিট গ্রুপের ফাইনালে উদয়পুর ৫০ রানের ব্যবধানে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মূলতঃ উদয়পুরের শঙ্কর পাল ও রানা দত্তের বোলিং দাপটে সদর এবারের মতো রানার্স খেতাবেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফাইনাল ম্যাচটি ছিল কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে উদয়পুর ২৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় ঘোষের ৮৮ রান এবং কৃতিদীপ্ত দাসের অপরাজিত ৬৭ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া, শঙ্কর পালের উনপঞ্চাশ রান এবং রিয়াজুদ্দিনের ২৫ রানও উল্লেখ করার মতো। সদরের রাহুল চন্দ্র সাহা ৬৭ রানে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সদর ৪৬.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কৌশল আচার্যের ৫৪ রান এবং রজত দে’র ২৯ রান ও রাহুল চন্দ্র সাহার ২৮ রান উল্লেখযোগ্য। এছাড়া, শ্যাম শাকিল গন ও চিরঞ্জিত পাল ২৫ করে রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। উদয়পুরের শঙ্কর পাল তিনটি এবং রানা দত্ত দুটি উইকেট পেয়েছে। বিজয়ী উদয়পুরের শংকর পাল প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নিয়েছে।

রাজ্য সিনিয়র ক্রিকেট এলিট গ্রুপে সদরকে হারিয়ে উদয়পুর চ্যাম্পিয়ন
Tags:

















