নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) মোদী সরকারের চাপে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে বিনিয়োগ বাড়িয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। এর জেরে ৪০ কোটি এলআইসি পরিবারের উপর অর্থনৈতিক সংকটের মেঘ ঘোরাফেরা করছে।
কংগ্রেসের মুখপাত্র পবন খেদা বৃহস্পতিবার পার্টির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর থেকে আদানি গোষ্ঠী বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। তিনি বলেন, এলআইসি সাম্প্রতিক অতীতে আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জিতে বিনিয়োগ বাড়িয়েছে।
খেরার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর চাপে আদানি গ্রুপে এলআইসি এই বিনিয়োগ করেছে। হিন্ডেনবার্গ রিপোর্টের পরে আদানি গোষ্ঠীর উপর সঙ্কট তৈরি হলে এলআইসি-তে বিনিয়োগ করা লোকদের অর্থ ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে।
আদানি গোষ্ঠীও সরকারী খাতের ব্যাঙ্কগুলি থেকে প্রচুর ঋণ নিয়েছে। তিনি বলেন, গৌতম আদানি এসবিআই থেকে ৩০ শতাংশ ঋণ নিয়েছেন। অথচ আট শতাংশ ঋণ নেওয়া হয়েছে বেসরকারি ব্যাংক থেকে। এর সরাসরি প্রভাব পড়বে ব্যাঙ্ক ও এলআইসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর। এমতাবস্থায় সরকারের উচিত কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে জনগণের সন্দেহ দূর করা।



















