News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি ইস্যুতে বিধানসভায় বিরোধীদের চাপের মুখে কৌশলী জবাব অর্থমন্ত্রীর
Image

দুর্নীতি ইস্যুতে বিধানসভায় বিরোধীদের চাপের মুখে কৌশলী জবাব অর্থমন্ত্রীর

Bhanuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ বিভিন্ন দপ্তর এবং পঞ্চায়েত ও ব্লক স্তরে অডিট করা হয় কিনা এই প্রশ্ণে মঙ্গলবার বিধানসভায় রাজ্য সরকারকে কার্যত চাপে ফেলার কৌশল নেয় বিরোধী কংগ্রেস৷ তবে, অর্থমন্ত্রী ভানুলাল সাহাও বিরোধীদের সমস্ত প্রশ্ণের কৌশলী জবাব দিয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন৷
এদিন, কংগ্রেসের রতন লাল নাথ ব্লক স্তরে অন্তবর্তীকালীন অডিট সম্পন্ন করা হয় কিনা এই প্রশ্ণের উত্তরে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, অডিট ডাইরেক্টরেট ২০১১-১২ অর্থবছরে ১৪৩টি, ২০১২-১৩ অর্থবছরে ৬২৯টি এবং ২০১৩-১৪ অর্থবছরে ১২১৯টি মোট ২৭টি দপ্তরে ১৯৯১টি ইউনিটে অন্তবর্তীকালীন অডিটের কাজ সম্পন্ন হয়েছে৷ এছাড়াও এই তিনবছরে বিভিন্ন সরকারি অফিস, পিআরআই ও ইউএলবি সংস্থাগুলিতে অডিট নিয়ে নানা পরিকল্পনার বিষয়ও তিনি জানান৷ তাতে অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে স্পষ্ট হয়ে যায়, রাজ্যের সর্বত্র অডিট করা সম্ভব হয়ে ওঠেনি৷ ফলে, অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে দুর্নীতি আটকাতে অডিট নিয়ে আশ্বস্ত হননি বিরোধী বেঞ্চের সদস্যরা৷ কংগ্রেসের রতনলাল নাথ প্রশ্ণ তুলে বলেন, সময়মতো অডিট না হওয়ায় জনস্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা৷ তাতে অর্থমন্ত্রী সাফাইয়ে বলেন, কর্মী স্বল্পতার কারণে রাজ্যের সমস্ত সরকারি অফিস, পঞ্চায়েত এবং ব্লক স্তরে অডিট করা সম্ভব হচ্ছে না৷ অর্থমন্ত্রীর এই সাফাইয়ে রতনলাল নাথ দাবি করেন রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতিতে ছেয়ে গেছে৷
এদিন, তিনি যুক্তি দিয়ে বলেন, বিগত দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে৷ গৌরনগর, পদ্মবিল ইত্যাদি ব্লকে দুর্নীতিতে ছেয়ে গেছে৷ ২০১৫ সালে বিধানসভা অধিবেশনে খোদ গ্রামোন্নয়ন দপ্তর এক প্রশ্ণের উত্তরে জানিয়েছিল, ঐ ব্লকগুলিতে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ তা সত্ত্বেও দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার কেন স্পেশাল অডিটের ব্যবস্থা করছে না, শ্রীনাথ এই প্রশ্ণ ছঁুড়ে দেন অর্থমন্ত্রীর উদ্দেশ্যে৷ তাতে অর্থমন্ত্রী দাবি করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ আসলে নিশ্চয়ই স্পেশাল অডিট করানো হয়৷ তাতে স্পেশাল অডিট কিসের ভিত্তিতে করা হয় বলে ফের প্রশ্ণ তুলেন রতনলাল নাথ৷ তাতে অর্থমন্ত্রী জানান, সুনির্দিষ্ট তথ্য দিলে দপ্তরের অধীনে তদন্ত করে দেখা হয়৷ সেখানে গরমিল মনে হলে স্পেশাল অডিটের ব্যবস্থা করা হয়৷ তিনি এও জানান পঞ্চায়েত এবং ব্লক স্তরে নিজস্ব অডিটের ব্যবস্থা রয়েছে৷ কিন্তু বিরোধী সদস্যরা অর্থমন্ত্রীর এই দাবিতে আশ্বস্ত না হয়ে অন্তবর্তীকালীন অডিট রিপোর্ট বিধানসভায় পেশ করার জন্য বলেন৷
এদিকে, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণও কর্মী স্বল্পতার কারণে দুর্নীতি ঠেকাতে অডিট করানো যাচ্ছে না সরকারের এই যুক্তি মানতে নারাজ বলে জানান৷ তিনি বলেন, ২০১০ সালে পৃথক অডিট ডিরেক্টরেট গঠিত হয়েছে৷ এরপর থেকে দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও পরিকাঠামোগত মানোন্নয়ন ঘটানো সম্ভব হয়নি তা মেনে নেওয়া কঠিন৷ তিনি বলেন, প্রয়োজনীয় লোক নিয়োগ করে স্পেশাল অডিট সুনিশ্চিত করা রাজ্য সরকারের উচিত৷ সেক্ষেত্রে অডিট দপ্তর থেকে যারা অবসরে গেছেন তাদের পুনঃনিয়োগ করার মাধ্যমে এই কর্মী স্বল্পতার সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি৷ তবে, লোক নিয়োগ করা হচ্ছে না সে বিষয়টিও মানতে নারাজ অর্থমন্ত্রী৷ তিনি জানান, বিভিন্ন সময়ে দুইশতাধিক লোক নিয়োগ করা হয়েছে৷ আগামীদিনে আরো লোক নিয়োগের প্রক্রিয়া চলছে৷ কিন্তু ১২২০ টি পিআরআই এবং ইউএলবি সংস্থা এবং ১১৮০টি ব্লক অফিস একত্রে স্পেশাল অডিট করানো সম্ভব নয় বলে তিনি সভায় জানান৷ তাতে বিরোধী দলের সদস্যরা কটাক্ষ করে বলেন, এক সাথে সমস্ত জায়গায় অডিট করানো সম্ভব নয় সে বিষয়ে অবগত হয়েই ধাপে ধাপে অডিট করানোর জন্যই দাবি জানানো হচ্ছে৷
এদিকে, অর্থমন্ত্রী দাবি করেন দুর্নীতি হতেই পারে, কিন্তু সর্বত্র হচ্ছে এমনটাও নয়৷ এমনকি দুর্নীতির সাথে কোথাও কোন মন্ত্রীর নাম জড়িত রয়েছে কিনা তাও প্রমাণ করা মুশকিল৷ তিনি দাবি করেন, দুর্নীতির সাথে রাজ্য সরকার কখনোই আপোষ করে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top