ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে গণ-ডেপুটেশন দিল ধর্মনগর ব্লক কংগ্রেস। সোমবার দুপুর ১টায় ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেপুটেশন কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—মহকুমা হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালু করা, শিশু বিশেষজ্ঞসহ পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করা, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা আরও শক্তিশালী করা এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
এছাড়াও ধর্মনগর মহকুমা হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে।
গণ-ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুদীপ দাস, মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
এদিন উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সনদ তুলে দেওয়ার পর কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, আগামী ১০ দিনের মধ্যে দাবিগুলি পূরণ করা না হলে ১১তম দিনে ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে সিএমও অফিস ঘেরাও করে আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।
দাবিগুলি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মনগর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান উন্নত করার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
























