ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার সকালে পানীয় জলের দাবিতে এবং প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাধ্য হয়ে সামর্থ্যবানদের একাংশ টাকা দিয়ে পানীয় জল কিনে ব্যবহার করছেন। অন্যদিকে, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির অনেকেই বর্ষার জল কিংবা পুকুরের নোংরা ও আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন। এর ফলে এলাকার শিশু ও প্রবীণদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক এবং প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার লিখিতভাবে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গ্রামবাসী বিশাল দাস জানান, দীর্ঘদিন ধরে আয়রনযুক্ত ও অপরিচ্ছন্ন জল পান করার কারণে শারীরিক সমস্যা বাড়ছে। কয়েক হাজার মানুষের এই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত প্রধানসহ প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
শেষ পর্যন্ত আর কোনো পথ না পেয়ে সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ নতুন বাজার এলাকায় সড়ক অবরোধে বসেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক হেমেন্দু বিকাশ পাল। তিনি বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের মধ্যে পানীয় জলসংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এরপর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
তবে প্রশাসনের দেওয়া সাত দিনের সময়সীমার মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন প্রত্যেকরায় গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। দীর্ঘদিনের এই পানীয় জলসংকট দ্রুত সমাধানে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এখন সেটাই দেখার বিষয়।






















