আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায় অনুষ্ঠিত ৫৫তম কেভিএস জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ১৪ বছরের বালিকা বিভাগের ৩৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেছেন তিনি। মৃগাক্ষীর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই আগরতলায় আনন্দের আবহ তৈরি হয়েছে।
প্রতিযোগিতায় শুরু থেকেই দাপটের সঙ্গে লড়াই করেন মৃগাক্ষী। একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন তিনি। ফাইনালে দিল্লির প্রতিযোগীর মুখোমুখি হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তাঁকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন মৃগাক্ষী।
মৃগাক্ষী আগরতলার কেবি কুঞ্জবন স্কুলের ছাত্রী। বর্তমানে তিনি এনএসআরসিসি খেলো ইন্ডিয়া জুডো সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর কোচ প্রদীপ সরকারের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছেন এই প্রতিভাবান খেলোয়াড়।
উল্লেখ্য, দেশের ১৬টি রাজ্যের জুডো খেলোয়াড়রা এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে থেকে মৃগাক্ষীর স্বর্ণপদক জয় ত্রিপুরার ক্রীড়া মহলে বিশেষ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তাঁর এই অর্জনে পরিবার, প্রশিক্ষক, সহপাঠী এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।



















