বিলোনিয়া, ৩০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের অন্তর্গত নলুয়ার অভয়নগর দাসপাড়ায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে একটি প্রাইভেট গাড়ি থেকে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার অভিযানে টিআর০১- এএআর – ০৬০৮ নম্বরের একটি প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করা হয় বলে জানা গেছে।
অভিযান চলাকালীন গাড়ির চালক ঘটনাস্থলে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা।
খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক। পরে ঘটনাস্থলে ফরেন্সিক দলের সদস্যরাও উপস্থিত হয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়া শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে সীমান্তবর্তী এলাকায় একের পর এক নাকা চেকিং ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বিভিন্ন জায়গায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নজরদারি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয়দের অভিযোগ, মাদক পাচারের কারণে দিন দিন যুব সমাজ নেশার কবলে পড়ছে। তাই গাঁজা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পাচারচক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালকসহ অন্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
























