শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত গুরুতর বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের পাঞ্জীরায় মগ পাড়ায়।
জানা গেছে, মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ ও তাঁর স্ত্রী অংসানো মগ এদিন সকালে বাড়ির কাছাকাছি একটি রাবার বাগান পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের ওপর আক্রমণ চালায় বলে জানা যায়। ভাল্লুকের কামড়ে দু’জনেই ওই মহিলার স্বামী গুরুতর আহত হয়েছেন। স্ত্রী ও অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত স্বামী-স্ত্রী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এলাকায় ভাল্লুকের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে জঙ্গলের আশপাশে বা রাবার বাগানে কাজ করার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


















