আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দেন তিনি।
এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় সহায়তা করার লক্ষ্যেই এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে বলে জানান বিধায়ক। জরুরি পরিস্থিতিতে অসুস্থ ও আহত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, বর্তমানে ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মানুষের পরিষেবায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মোট চারটি অ্যাম্বুলেন্স জনস্বার্থে নিয়োজিত রয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ জরুরি চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।
দক্ষিণ মাছমারা এলাকায় নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজনে দ্রুত ও সহজে হাসপাতালে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, প্রবীণ এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পরিষেবা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
বিধায়ক ভগবান দাস বলেন, মানুষের কল্যাণ ও জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। জনসাধারণের প্রয়োজন অনুযায়ী আগামী দিনেও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



















