নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট:
“সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে শনিবার দিনভর নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ প্রাঙ্গণ। কলেজের শরীর শিক্ষা বিভাগ ও জাতীয় সেবা প্রকল্প (এনএসএস)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় “সাইকেল র্যালি অফ ফিটনেস”।
সকাল ৭টায় কলেজ প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালির সূচনা হয়। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল র্যালির মূল উদ্দেশ্য। কলেজের শরীর শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আর্য্য কলোনী ও সারাসীমা স্কুলের কয়েকজন ছাত্রও র্যালিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কলেজে ফিরে আসে র্যালিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শরীর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মানস দাস, অধ্যাপক সুধীর দেবনাথ, কলেজের অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস এবং ছাত্র প্রতিনিধি কৌশিক সেন। তাঁদের উপস্থিতি ও উৎসাহে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জাতীয় ক্রীড়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ছাত্রছাত্রীরা খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়া এবং সুস্থ জীবনযাপনের লক্ষ্যে শপথবাক্য পাঠ করেন। পরে সাইকেল র্যালিতে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারকারীদের হাতে ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ।
র্যালিতে প্রথম স্থান অধিকার করেন নন্দিনী পাল, দ্বিতীয় সুরজিৎ মালাকার, তৃতীয় কার্তিক ত্রিপুরা, চতুর্থ বর্ষা দাস এবং পঞ্চম স্থান অর্জন করেন বিজয় নমঃ। উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় স্থান অর্জনকারী সুরজিৎ মালাকার আর্য্য কলোনীর ষষ্ঠ শ্রেণির ছাত্র। কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর এই সাফল্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে অভিনন্দন জানান উপস্থিতরা।
বিকেলে “খেলো ইন্ডিয়া, জিতে কা ইন্ডিয়া, খেলাধুলার সঙ্গে একদিন” ভাবনাকে সামনে রেখে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা এবং দলগত চেতনা গড়ে তুলতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দিনের কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল বিশেষ বক্তৃতা ও আলোচনা সভা। সেখানে ক্রীড়ার গুরুত্ব, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে সাইকেল র্যালির কৃতী অংশগ্রহণকারীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
সাইকেল র্যালি, শপথ গ্রহণ, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা সভাকে ঘিরে দিনভর কলেজ চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। ছাত্রছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবক ও অন্যান্য অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগ নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি ছাত্রছাত্রী এবং সমাজের বৃহত্তর অংশকে উৎসাহিত করার ইতিবাচক বার্তা বহন করে।



















