আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যারা গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকারের দাবিতে আন্দোলন করেছেন, তাদের উপর বিভিন্ন সময়ে নির্যাতন নেমে এসেছে। ড. অজিত রায় চৌধুরীও তার অন্যতম দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।
বিরোধী দলনেতা বলেন, অজিত রায় চৌধুরীর লড়াই ও আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, অঞ্চল সম্পাদিকা নীলাঞ্জনা রায়, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা। রক্তদান শিবিরে মোট ৩২ জন রক্তদান করেন।
























