কৈলাসহর, ৩১ আগস্ট: দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি পানীয় জলের সমস্যাও দেখা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সোমবার কৈলাসহরের সেন্ট্রাল স্কুল রোডে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
অবরোধকারীদের অভিযোগ, সেন্ট্রাল স্কুল ও কামরাঙ্গা বাড়ি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সরবরাহও ব্যাহত হচ্ছে। ফলে তীব্র সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দীর্ঘক্ষণ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। বিশেষ করে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতিতে সেন্ট্রাল স্কুল রোডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানান তাঁরা।
অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।



















