নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ ডিসেম্বর৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির আমন্ত্রণে রাজ্যপাল তথাগত রায় আজ বিকেলে খোয়াই ডাক বাংলোয় এসে পৌঁছান৷ সেখানে তাঁকে রাজ্যপুলিশেরতরফে গার্ড অব অনার প্রদান করা হয়৷ এরপর রাজ্যপাল মোহর মুক্তমঞ্চে আয়োজিত শারদ সম্মান (২০১৫) প্রদান অনুষ্ঠানে প্রথম শ্রেষ্ঠ শারদ সম্মান হামবাই ক্লাব, দ্বিতীয় বাঘাযতীন ক্লাব ও তৃতীয় ফাইনাইট ক্লাবের কমকর্তাদের হাতে তুলে দেন৷ রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির একাদশ শারদ সম্মান প্রদান উপলক্ষ্যে স্মরণিকারও আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন৷ বিশেষ শ্রেষ্ঠ শারদ সম্মান ষষ্ঠ ব্যাটেলিয়ান টি এস আর এর কর্মকর্তার হাতে তুলে দেন রাজ্যপাল৷ অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য এবং গোটা দেশকে পথ দেখাবে৷ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ও স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন৷ নিউজ ও ভিউজ যেন একসঙ্গে মিশে না যায়৷ দেশের সাংবাদিকতা এককথায় অসাধারণ৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি বিধায়ক পদ্মকুমার দেববর্মা বলেন, শারদ উৎসব হয়ে উঠে সম্প্রীতির উৎসব৷ বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, এই অনুষ্ঠানে রাজ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠান৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য তথা আয়োগের সচিব ড মানস দেব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি দিবাকর দেবনাথ প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন টি ডব্লিউ জে এ খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক মানিক সরকার৷ সভাপতিত্ব করেন এই সংস্থায় সভাপতি অসিত বরণ ঘোষ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত জেলা শাসক প্রমুখ৷ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ১৯টি শারদ সম্মান প্রদান করা হয়৷


















