নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): নেপালেও চালু হচ্ছে রুপে কার্ড (RuPay)। শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা যৌথভাবে নেপালে রুপে (RuPay) চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেপালে রুপে কার্ডের প্রবর্তন আমাদের আর্থিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যোগ করবে।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা যৌথভাবে ভারত সরকারের লাইন অফ ক্রেডিট-এর অধীনে নেপালে নির্মিত সোলু করিডোর ১৩২ কিলো ভোল্ট পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অন্যান্য প্রোজেক্ট যেমন নেপাল পুলিশ অ্যাকাডেমি, নেপালগঞ্জে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, রামায়ণ সার্কিট ইত্যাদির মতো প্রোজেক্টও দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

