নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জুলাই: রেশন সামগ্রী আত্মসাৎ, গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত করা এবং সরকারি রেশন সামগ্রী কালোবাজারে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে তেলিয়ামুড়ার অফিসটিলা এলাকার ২ নম্বর রেশন শপ। অভিযুক্ত রেশন ডিলার রাকেশ দাসের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রাহকরা রেশন দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগ, একাধিক গ্রাহকের রেশন কার্ডে চিনি-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে নথিভুক্ত থাকলেও বাস্তবে সেই সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। এছাড়াও সরকারি রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগও তোলেন এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরে। পরে খাদ্য দপ্তরের ডিএসএম জিনিয়াস দেববর্মার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়মের সত্যতা মিলেছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, এই রেশন দোকানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়মের অভিযোগ উঠেছিল। এদিন অভিযানের সময় দোকান থেকে বিপুল পরিমাণ পেট্রোলও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে ওই পেট্রোল কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।
এ বিষয়ে ডিএসএম জিনিয়াস দেববর্মা জানান, তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রাহকদের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি রেশন ব্যবস্থা যাতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থাকে, সেজন্য প্রশাসনের নিয়মিত নজরদারি আরও জোরদার করা হোক।
























