আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তাঁকে সহায়তা করবেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আরবান) ধ্রুব নাথ এবং মামলার বর্তমান তদন্তকারী অফিসার (আইও) তথা এসআই শুভজিৎ দেব।
এক নির্দেশে জানানো হয়েছে, পশ্চিম আগরতলা থানার ইউডি কেস নং ২০২৬ ডাব্লিউএজি০৪৫, যা ২০ জুলাই, ২০২৬ তারিখে বিএনএসএস-এর ১৯৪ ধারায় নথিভুক্ত হয়েছে, তার তদন্ত এসপি (পশ্চিম)-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রয়োজনে তদন্তের স্বার্থে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ বা অন্য কোনও ইউনিটের আধিকারিকদেরও তদন্তে যুক্ত করা যেতে পারে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে সাইবার ক্রাইম ইউনিট, ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট প্রতি সপ্তাহে পুলিশ মহাপরিদর্শক (ল অ্যান্ড অর্ডার)-এর কাছে জমা দিতে হবে, যাতে ত্রিপুরা পুলিশের মহাপরিচালক নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে পারেন।
এদিকে, এই নির্দেশ জারির পর সংশ্লিষ্ট মামলার তদন্তে নতুন গতি আসবে বলেই মনে করছে তদন্তকারী মহল। এখন তদন্তে কী তথ্য উঠে আসে এবং পুলিশ শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে পৌঁছায়, সেদিকেই নজর থাকবে সকলের।


















